
ক্রীড়া ডেস্ক ॥ বিশ্বকাপের এক বছর আগেই শুরু হয়ে যাচ্ছে কাউন্টডাউন। বৃহস্পতিবার (১ অক্টোবর) কেপটাউনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ করবে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। একই অনুষ্ঠানে শুরু হবে বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধনও।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছরের ২ অক্টোবর শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপ। ফাইনাল ২১ নভেম্বর। মোট ১৪টি দল খেলবে এবারের আসরে। এর মধ্যে ১০ দলের জায়গা ৩০ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে।
আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের জায়গা আগেই নিশ্চিত। তবে আরেক আয়োজক নামিবিয়ার মূল পর্বে খেলা এখনো নিশ্চিত নয়। আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরও বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
র্যাঙ্কিংয়ের হিসাবেও বাংলাদেশের জন্য সুখবর। ৩০ সেপ্টেম্বরের কাট-অফে সরাসরি বিশ্বকাপে যাবে শীর্ষ আট র্যাঙ্কধারী দল, তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সেই হিসাবের বাইরে থাকবে। ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সাথে বাংলাদেশও সরাসরি বিশ্বকাপ খেলবে।
প্রশ্ন আসতে পারে, র্যাঙ্কিং-এর নবম স্থানে থেকেও বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত কিভাবে? উত্তরটা পরিষ্কার, দক্ষিন আফ্রিকা চতুর্থ স্থানে আছে র্যাঙ্কিং-এর, তবে স্বাগতিক হিসেবে যেহেতু তারা সরাসরি অংশগ্রহণ করছে, তাই বাংলাদেশকে আর কোয়ালিফাইয়ার বা বাছাইপর্ব খেলতে হচ্ছে না।
অন্যদিকে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে। নামিবিয়াসহ আরও তিনটি দল সেখান থেকেই আসবে। সূচিতে তাদের পরিচয় থাকবে ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে।
তবে এবারের বিশ্বকাপ শুধু দলসংখ্যায় নয়, ফরম্যাটেও আলাদা। ১৪ দল নিয়ে শুরু হবে তিন ধাপের লড়াই। প্রথম ধাপে সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের তিন দল খেলবে ‘সুপার সিরিজ’। তিন দলের রাউন্ড রবিন লড়াই শেষে শুধু শীর্ষ দল যাবে পরের ধাপে।
এরপর ১২ দলকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করে হবে ৩০ ম্যাচ। দুই গ্রুপের সেরা তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সেরা দল, মোট সাত দল উঠবে ‘সুপার সেভেন’ পর্বে। সেখানে সবাই সবার বিপক্ষে খেলবে ২১ ম্যাচ। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল।
সেমিফাইনালে সুপার সেভেনের শীর্ষ দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে, আর দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। দুই বিজয়ী দল খেলবে ২১ নভেম্বরের ফাইনালে।
আর বিশ্বকাপ দেখতে মাঠে যেতে চাওয়া দর্শকদের জন্যও ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রক্রিয়া। সেদিন সরাসরি টিকিট বিক্রি নয়, বরং টিকিটের জন্য নিবন্ধন বা ব্যালটে অংশ নেওয়ার সুযোগ খুলবে। সূত্র- রাইজিংবিডি ডটকম







One Comment