
হবিগঞ্জ প্রতিনিধি॥ হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে হবিগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী (জালাল)-এর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডা. শরীফ মো. সানজিদ জামান।
অনলাইনে বক্তব্য রাখেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। আলোচনায় অংশ নেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সদস্য সচিব শফিকুল বারি আওয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সংগঠনের আজীবন সদস্য ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেলসহ অন্যান্যরা।
আলোচনায় বক্তারা বলেন, মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্র। বর্তমানে দেশে হৃদরোগ একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও অনিয়ন্ত্রিত জীবনযাপন হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
তারা বলেন, হৃদরোগ মানেই জীবন থেমে যাওয়া নয়; বরং সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এজন্য নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, ধূমপান পরিহার, ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করা প্রয়োজন।
বক্তারা হৃদরোগের ঝুঁকি কমাতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হৃদরোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।






