
নিজস্ব প্রতিনিধি ॥ মৌলভীবাজার বাস মালিক সমিতির সঙ্গে রুট বিরোধের জেরে ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছেন হবিগঞ্জ বাস মালিক সমিতির শ্রমিকরা।
শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বেশ কয়েকটি বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে মাধবপুর থেকে
শেরপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। সিলেট থেকে আসা অনেক যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের চেষ্টা করলে নছরতপুর এলাকাতেও শ্রমিকরা অবস্থান নেন।
পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে বেলা আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, উভয়পক্ষকে নিয়ে বৈঠকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
তবে যানজটের প্রভাব দীর্ঘ সময় থাকবে। দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক সমিতির মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি মৌলভীবাজারের ওপর দিয়ে হবিগঞ্জের বাস চলাচল বন্ধ করে দেওয়ার জেরে এই আন্দোলনের ডাক দেন হবিগঞ্জ বাস মালিক সমিতির শ্রমিকরা।






