
ডেস্ক রিপোর্ট ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের কৃতিসন্তান মুহাম্মদ সাইফুর রহমান যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এনটিভি ইউরোপের কানাডার টরেন্টো প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। ২ অক্টোবর ২০২৬ তারিখে এনটিভি ইউরোপের লন্ডন প্রধান কার্যালয়ের সিইও মিসেস সাবরিনা হোসাইনের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তিনি এ দায়িত্ব লাভ করেন।
মুহাম্মদ সাইফুর রহমান শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের মরহুম মুহাম্মদ আজিজুর রহমানের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সাল থেকে তিনি কানাডায় বসবাস করছেন। বর্তমানে তিনি কানাডা সরকারের লাইসেন্সপ্রাপ্ত একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাইফুর রহমান সাংবাদিকতা ও সামাজিক কর্মকান্ডের সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি ইতিপূর্বে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য, শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ‘বিজয়ের প্রতিধ্বনি’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রবাসে থেকেও দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের মানুষের কথা তুলে ধরতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। সাংবাদিকতার দায়িত্ব পালনে তিনি সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন। তার এ নিয়োগে শায়েস্তাগঞ্জের সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।
আরও পড়ুন- বানিয়াচংয়ে জমি বিরোধে জায়দুল হত্যায় ৫ আসামি গ্রেফতার






