
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে জায়দুল মিয়া হত্যা মামলায় পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৯। বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের বদির মিয়া (৪৪), শামিম মিয়া (৪০), রাহীন মিয়া (৩০), দুলাল মিয়া (৩৫) ও নূর আলম (৩৫)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে জায়দুল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জায়দুল মিয়া ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। জমি কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ঘটনার প্রায় এক মাস আগে জায়দুল মিয়া স্থানীয় মুতি মিয়ার কাছ থেকে একখন্ড জমি কেনেন। ওই জমি দখলের চেষ্টা নিয়ে আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর মন্দরী গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে জায়দুল মিয়াকে পথরোধ করে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জায়দুল মিয়ার মা বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন- শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার







One Comment