
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার হয়েছে চার মাদক কারবারি। তাদের কাছ থেকে ৩১ বোতল বিদেশি মদ, ১৮টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের পাঠানো হয়েছে কারাগারে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা হবিগঞ্জ শহরে মাদকের হোম ডেলিভারিতে জড়িত ছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। গ্রেপ্তাররা হলেন জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মোশারফ হোসেন (২৮), জলিলপুর গ্রামের সুমন দাসগুপ্ত (৪৬), হবিগঞ্জ শহরের শঙ্করমুখ এলাকার রনজিৎ দাশ (৫০) ও সদর উপজেলার কামড়াপুর পশ্চিমপাড়ার মো. ছামাদ (৪৪)।
পুলিশ জানায়, মোশারফ হোসেনের কাছ থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। সুমন দাসগুপ্ত ও রনজিৎ দাশকে গ্রেপ্তারের সময় ৩১ বোতলে ১৬ লিটারের বেশি বিদেশি মদ জব্দ করা হয়।
আর মো. ছামাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক, এসআই ধ্রুবেশ চক্রবর্তী ও রিপন চন্দ্র দাস এই অভিযানে ছিলেন।
ওসি জাহিদুল হকের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা নিজ বাসায় মাদক মজুত রেখে সরবরাহ করতেন হবিগঞ্জ শহরে। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।






