
নিজস্ব প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যা করা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুন কৃষ্ণ পাল, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইসমত কামাল, ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী এমএস সাইদুর রহমান, হুমায়ুন কবির, রকিবুল ইসলাম ও আতিকুর রহমান আতিক। এ ছাড়া জেলা পরিষদের কর্মকর্তা ইকবাল হোসেন ও মুসাহিদ আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, সৈয়দ মোহাম্মদ মাসুক, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাসেল আহমেদ রাফেল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলাম নওশাদ, সাইমন, কলেজ ছাত্রদলের সভাপতি মোজাম্মেল, দুলাল মিয়া, সাইদুল ইসলাম জয়, নজরুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা।
বৃক্ষরোপণ শেষে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ভিশন বাস্তবায়নে বদ্ধপরিকর। হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এ বছর প্রায় দুই হাজার বৃক্ষরোপণ করা হবে। জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করব।”
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
আহমেদ আলী মুকিব বলেন, পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন- জহুর চান বিবি মহিলা কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত







One Comment