
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার শিল্প ও সংস্কৃতিকে বেগবান করার লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কিমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সংগঠক হাফিজ আল মিথুন। বুধবার (৬ মে) এ কমিটির অনুমোদন দেন জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান চৌধুরী ও সদস্য সচিব আলী হুসেন সুহাগ।
জানা গেছে- দীর্ঘদিন ধরে সৃজনশীল কাজের সাথে যুক্ত হাফিজ আল মিথুন শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক পরিমন্ডলে এক পরিচিত মুখ। ফটোগ্রাফি, লেখালেখি এবং সংগীতের মাধ্যমে তিনি স্থানীয় তরুণ প্রজন্মের কাছে একজন দক্ষ সংগঠক হিসেবে সমাদৃত। তার এই নতুন পথচলা শায়েস্তাগঞ্জের ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করছেন স্থানীয় শিল্পানুরাগীরা।
এক প্রতিক্রিয়ায় নব-মনোনীত আহ্বায়ক হাফিজ আল মিথুন বলেন, আমরা চাই শায়েস্তাগঞ্জের প্রতিটি অলিতে-গলিতে সুস্থ ধারার শিল্পচর্চা ছড়িয়ে দিতে। আমাদের মূল লক্ষ্য হবে শেকড় সন্ধানী ঐতিহ্যকে পুনরুদ্ধার করা এবং প্রতিভাবান তরুণ শিল্পীদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা। সংঘাত নয়, বরং শিল্পের সুকুমার বৃত্তির মাধ্যমেই আমরা একটি ইতিবাচক সমাজ বিনির্মাণ করতে চাই।
তিনি আরও জানান, খুব শীঘ্রই স্থানীয় কবি, সাহিত্যিক এবং শিল্পীদের সমন্বয়ে শায়েস্তাগঞ্জে বিভিন্ন সৃজনশীল ও ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হবে। তার এই নতুন দায়িত্ব লাভে এলাকার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি






