
স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের দরিয়াপুর কান্দিগাঁও তালিমুল কুরআন মাদরাসা ও এতিমখানায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ প্রদান করা হয়েছে।
শুক্রবার মানবিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হামিদা সিরাজ ফাউন্ডেশনের ‘ওয়াটার ফর লাইফ’ প্রকল্পের আওতায় এ গভীর নলকূপ স্থাপন করা হয়। এর মাধ্যমে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিম শিশু ও আশপাশের স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে শিক্ষার্থী ও এতিম শিশুদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নতুন গভীর নলকূপ স্থাপনের ফলে তাদের দৈনন্দিন পানির চাহিদা পূরণ হবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমে আসবে।
এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদরাসা কর্তৃপক্ষ মানবিক এ উদ্যোগ গ্রহণ করায় হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত হওয়ায় এতিম ও শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত উপকারী হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন- আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান






