
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর তেলিয়াপাড়া বিওপির টহলদল অভিযানে ভারতীয় দুই কেজি গাঁজাসহ মোঃ আরিফ মিয়া (৩০) নামে এক আসামী গ্রেফতার হয়েছে।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। গ্রেফতারকৃত আসামীর ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিশখা গ্রামের হারুন মিয়ার ছেলে।
বিজিবি জানায়, এর আগে মঙ্গলবার হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর তেলিয়াপাড়া বিওপি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশতলা আমুরোড নামক স্থানে।
এ সময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশী করে শরীরে অভিনব কায়দায় পেঁচিয়ে পরিবহণকালে ভারতীয় ২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার হয়। ভারতীয় গাঁজাসহ আসামীকে যথাযথ নিয়মানুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচাররোধ করে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত এবং আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
চোরাচালান প্রতিরোধ ও মাদকমূক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।






