
বিনোদন ডেস্ক॥ নায়ক-নায়িকাদের হল ভিজিট এখন নিয়মিত ব্যাপার। সিনেমা মুক্তি পেলে তারা হলে যান। দর্শক-প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন। সাংবাদিকদের মুখোমুখি হন সিনেমা হলে বসেই। নায়ক-নায়িকাদের চলচ্চিত্র প্রচারণার এই বিষয়টি খুব বেশি পুরোনো নয়।
এ বিষয়ে ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন তার সময়ের কথা। অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে গড়ে তুলেছিলেন জনপ্রিয় জুটি। একাধিক ঈদে এই জুটির চলচ্চিত্র মুক্তি পেয়েছে।
সে সময়ের স্মৃতি মনে করে এই নায়িকা বলেন, আমাদের বিয়ের পর টানা প্রায় ১৬টা ঈদ একসঙ্গে কাটিয়েছি। এর মধ্যে ৮টা কোরবানি ঈদ, ৮টা রোজার ঈদ। যদি শুটিংয়ের কারণে দেশের বাইরে থাকতাম, তাহলে সেখানেই ঈদের আনন্দ ভাগাভাগি করতাম। এমনকি ওখানেই কোরবানি দেওয়া হতো। আর দেশে থাকলে ঈদে হল ভিজিট করতে হতো।
ঈদের দিনগুলোতে রান্না আর বাসার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতেন অপু। তিনি বলেন, আমি শাকিবকেও কখনো কাকরাইল অফিসে গিয়ে এভাবে সময় দিতে দেখিনি। তবে বাসায় অনেক মানুষ আসত। সেখানেই সে সিনেমার আপডেট নিত। যদি বিশেষ কোনো আয়োজন থাকত, তখন হয়তো সিনেমা হলে যাওয়া হতো। এখনকার সময়ের মতো তখন শিল্পীদের সিনেমা হলে গিয়ে প্রচারণা করতে হতো না।
এখন তো দেখা যায়, শিল্পীরা ফেসবুকে অনেক প্রচারণা করেন। অনেক সময় এমনও হয়, প্রযোজক টাকা না পেলেও ফ্রেন্ড সার্কেলের প্রচারণার মাধ্যমে সিনেমা হিট বানিয়ে ফেলা হচ্ছে, যোগ করেন তিনি।
এই যে প্রচারণার মাধ্যমে হিট হওয়া। এ নিয়ে অপু বিশ্বাসের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। পাঁচজনের মধ্যে প্রচারণা হলে অবশ্যই সেটা ছড়িয়ে পড়ে। কিন্তু সেটা অর্গানিকভাবে হিট হওয়া না। আমি ঈদের দিনে দেখতাম কোন শো হাউসফুল যাচ্ছে, টিকিট সেল কেমন হচ্ছে এবং কোনো হলে যাওয়ার প্রয়োজন আছে কিনা।
তবে শাকিব খান যখন বলতেন, কোথাও যেতে হবে, তখন দু’একবার যাওয়া হয়েছে উল্লেখ করে এই নায়িকা বলেন, তার সঙ্গে আমার সে সময় ঈদের যে অভিজ্ঞতা, সেটাই শেয়ার করলাম।
আরও পড়ুন-দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু






