
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় নেশার টাকার জন্য কথা-কাটাকাটির জেরে সাহাব উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নেশাগ্রস্ত ছেলে ইয়াফিনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াফিন নেশাগ্রস্ত। নেশার টাকা নিয়ে প্রায়ই বাবা সাহাব উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার দুপুরেও এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াফিন বটি দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নেশার টাকার জন্যই ছেলে তার বাবাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন- মাধবপুর থেকে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার







One Comment