
মো. মামুন চৌধুরী ॥ ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত এক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছাকাছি এলাকায় অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে বিজিবি জানতে পারে, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে অফিস থেকেও তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।
বিজিবির জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন। পরে একজন দালালের সহায়তায় সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিলসহ ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন- অভাবের কাছে হার মানেনি মেধা-নিরবের পাশে প্রবাসী বদরুল তালুকদার






