
নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ২৯ কেজি গাঁজাসহ মোঃ আলমগীর মিয়া নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। র্যাব জানায়, এর আগে সোমবার রাতে
র্যাব-৯ সিপিসি-৩ শায়েন্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জের দেবপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহাসড়ক দিয়ে কতিপয় মাদক কারবারি সবুজ রঙের সিএনজি চালিত অটোরিকশায় মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি দেবপাড়া এলাকার রুস্তমপুর টোল প্লাজার বাম পার্শ্বে মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে
সিএনজি থামানোর জন্য সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক মোঃ আলমগীর মিয়া (১৯) সিএনজি নিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
তাৎক্ষণিক সিএনজির ভেতর থেকে জব্দ করা হয় ২৯ কেজি গাঁজা। গ্রেফতারকৃত মোঃ আলমগীর মিয়া জেলার চুনারুঘাটের দক্ষিণ নরপতি গ্রামের মৃত আব্দুল জাহিরের ছেলে। পরে আলামতসহ তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।






