
নিজস্ব প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় ১৬৩টি কচ্ছপের বাচ্চা উদ্ধারের পর নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকালে আন্ধারমানিক নদীর তিন
মোহনায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় কচ্ছপগুলো অবমুক্ত করে স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা।
এর আগে সকালে সৈকতের লেম্বুরবন সংলগ্ন একটি ফিশফ্রাই দোকানের নিচে বালুর গর্ত থেকে কচ্ছপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লেম্বুর বন এলাকার ফিশফ্রাই ব্যবসায়ী মো. বায়েজিদের দোকান বেশ কিছু দিন ধরে বন্ধ ছিল। মঙ্গলবার সকালে তিনি দোকান খুলতে গিয়ে নিচে কচ্ছপের বাচ্চাগুলো বালুর মধ্যের একটি গর্তে দেখতে পান। পরে তিনি বিষয়টি উপরার সদস্যদের জানান। তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে পৌছে বাচ্চাগুলোকে উদ্ধার
করেন। সন্ধ্যায় উপরার সদস্যরা বনবিভাগ ও উপজেলা প্রশাসনকে অবহিত করে বাচ্চাগুলোকে নিরাপদ পরিবেশে সাগরমুখী পানিতে অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হামিদ বলেন, এটি ইতিবাচক একটি ঘটনা। পরিবেশ রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন মানুষের ভূমিকা প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকেও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।






