
ক্রীড়া ডেস্ক॥ ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে রোববার (২০ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে হামজা চৌধুরী, শমিত সোম এবং ফারহান আলী ওয়াহিদরা তখনও দলের সাথে যোগ দেয়নি। সোমবার (২১ সেপ্টেম্বর) দলের সঙ্গে যোগ দিলেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
দলের সঙ্গে যোগ দেওয়ার পর ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সঙ্গে হাস্যোজ্জ্বল হামজার ছবি প্রকাশ্যে এসেছে। দলের সাথে যোগ দিয়ে উচ্ছ্বসিত এই তারকা ফুটবলার। হামজার যোগ দেওয়াটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়েই। চলতি মাসে শেফিল্ড ইউনাইটেডে ফিরে নিয়মিত চ্যাম্পিয়নশিপ ফুটবলে মাঠে নেমেছেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে তার সামনে নতুন চ্যালেঞ্জ।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন ৯ জন প্রবাসী ফুটবলার। হামজার পাশাপাশি কানাডাপ্রবাসী শমিত সোম এবং নতুন করে ডাক পাওয়া ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতোফুসারাও আছেন দলে।
আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আয়োজিত আসিয়ান কাপের আসরে নিজেদের অভিযান শুরু করবে হামজা-জামাল-মোরসালিনরা। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর।
সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখী হওয়ার পর আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসরের এই তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
আরও পড়ুন- ডেঙ্গু জ্বরে ভুগে ছয়জনের মৃত্যু







One Comment