
হবিগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় এক নারীর জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা: ডলি আক্তার লজু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদন সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ডলি আক্তার লজুর লাদিয়া মৌজার ১২৮৮ নং দাগে প্রায় ৫ শতক জমি রয়েছে। চলতি মৌসুমে ওই জমিতে উৎপাদিত পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টা করছে একই গ্রামের সিজিল মিয়া ও তার সহযোগীরা।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি ভয়ে তাদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। ফলে বাধ্য হয়ে তিনি উপজেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।
তিনি তার আবেদনে উল্লেখ করেন, আমার মালিকানাধীন জমির পাকা ধান জোর করে কেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।






