বাহুবলে আব্দুল্লাহ হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

বাহুবলে আব্দুল্লাহ হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি মো. মোস্তাকিমকে (২২) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতার মো. মোস্তাকিম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খুজারগাঁও গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র‌্যাব-১১ সিপিএসসির একটি যৌথ দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল্লাহ হত্যা মামলার পলাতক আসামি মোস্তাকিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোস্তাকিমকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার ও র‌্যাবের দেওয়া তথ্যে জানা যায়, নিহত মোহাম্মদ আব্দুল্লাহ বাহুবল থানার খুজারগাঁও এলাকার বাসিন্দা। একই এলাকার কয়েকজনের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জেরে ৪ জুলাই আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে আব্দুল্লাহ তার দুই ভাইকে সঙ্গে নিয়ে খুজারগাঁও মসজিদে মাগরিবের নামাজ শেষে বের হন। মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় পৌঁছামাত্র অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তাদের পথরোধ করে।

এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র-দা, রামদা, চাকু, কিরিচ, চাপাতি ও ফিকলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আব্দুল্লাহ ও তার দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোহাম্মদ আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার এক ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত আব্দুল্লাহর ভাই বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি মো. মোস্তাকিমকে গ্রেফতার করে র‌্যাব। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...