
নিজস্ব প্রতিনিধি॥ সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণ ও অগ্নিকান্ডে নিহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে পাঁচজন লরির ভেতরে দগ্ধ হয়ে মারা যান। বিস্ফোরণের তীব্রতায় সিলিন্ডার ছিটকে পড়ে নিহত হন আরও একজন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার বাউন্ডারির ভেতরে ঘটে এ দুর্ঘটনা। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর লরির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। পরে লরির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে বিস্ফোরণের তীব্রতায় সিলিন্ডার ছিটকে পাশের এলাকায় গিয়ে মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামের এক নারীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি গাজীপুরের কাশিমপুর থানার ইসরকান্দি গ্রামের মো. আলীর স্ত্রী। জামগড়া এলাকায় দর্জির কাজ করতেন তিনি।
জয়নবের স্বজনেরা জানান, সন্ধ্যায় কারখানার বাউন্ডারির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার সজোরে ছিটকে বাইরে গিয়ে জয়নব বেগমের ওপর পড়ে। সে-সময় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, অগ্নিকান্ডের ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চার থেকে পাঁচজন গুরুতর দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।







One Comment