
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই জিহাদীকে কদমতলী গ্রামের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন গ্রামবাসী। শনিবার সন্ধ্যায় কদমতলী গ্রামে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় উপস্থিত মুরুব্বি, যুবক, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে তাকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কদমতলী গ্রামের পক্ষ থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে সামনে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যেই আব্দুল হাই জিহাদীকে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে সমর্থন করা হয়েছে। একই সঙ্গে দলমত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে গ্রামের সবাইকে সঙ্গে নিয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। কদমতলী গ্রামে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানু।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি মোঃ জিতু মিয়া, হাজ্বী আকসুদ আলী, হাজ্বী আব্দুর রহিম, মোজাম্মেল হক সফিক, মোঃ নুরুল হক, মোঃ সামসুল হক লকু, মোঃ ওসমান আলী, সফিক ভান্ডারি, মিজানুর রহমান সুমন, মোঃ জামাল মিয়া, মোহাম্মদ আলমগীর, আমিনুল ইসলাম, হাফেজ বাবুল আহমেদ, আঃ করিম দুদন, জাহেদুল ইসলাম জাহেদ, ফারুক মিয়া, মহিবুর আলম, নাসির উদ্দিন সেলিম, মিজানুর রহমান, মকসুদ আলী, রাসেল আহমেদ, আরিফ খান, সোহেল মিয়া, সুজন মিয়া, রিপন মিয়া, শুভ, হাসান, জীবন, সজিব ও রুমেলসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, কদমতলী গ্রামের মানুষের প্রত্যাশা ও মতামতের প্রতিফলন হিসেবে আব্দুল হাই জিহাদীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সামনে আনা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পক্ষে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার জন্য সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখার ক্ষেত্রে একজন জনপ্রতিনিধির আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কদমতলী গ্রামের পক্ষ থেকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আব্দুল হাই জিহাদীকে সমর্থন করা হয়েছে।
এদিকে কদমতলী গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে আবেগাপ্লুত হয়ে আব্দুল হাই জিহাদী বলেন, “কদমতলী গ্রামের সর্বস্তরের মানুষ আমাকে যেভাবে ভালোবাসা ও আস্থা নিয়ে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন, এজন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সমর্থন আমার জন্য বড় দায়িত্ব ও অনুপ্রেরণা।”
তিনি বলেন, নির্বাচিত হলে কদমতলীসহ শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে চান। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কদমতলী গ্রামের এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও গ্রামবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আব্দুল হাই জিহাদীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন-হাওরে আজও ভেসে আসে কান্নার স্মৃতি





