
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মাসুদ কাজী (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কৃষিলোঙ্গা হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ কাজী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সালাউদ্দিন কাজীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে মাসুদ কাজী একা একটি নৌকা নিয়ে কৃষিলোঙ্গা হাওরে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ আকস্মিক ঝড় শুরু হলে বাতাসের তীব্রতায় তার নৌকাটি উল্টে যায়। এতে তিনি পানিতে তলিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন কৃষিলোঙ্গা হাওরের পানিতে মাসুদ কাজীর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ কাজীর পরিবারটি অত্যন্ত অসচ্ছল। তাই মানবিক বিবেচনায় অসহায় পরিবারটিকে জরুরি আর্থিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অনুরোধপত্র পাঠানো হয়েছে।







One Comment