মো. মামুন চৌধুরী : হবিগঞ্জের সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবাসহ মোঃ আঃ রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বাইসাইকেলও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ এলাকার ইসলামপুর নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়।
আটক মোঃ আঃ রহমান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের মৃত কচির উল্লাহর ছেলে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তপথে মাদক পাচার বন্ধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রমও চলমান রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।






