
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ২০২২ সালের সম্মাননা প্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করেছে। জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন শাখায় পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে কণ্ঠসংগীতে প্রবোধ সুত্রধর, নাট্যকলায় বাবুল আহমেদ মল্লিক, যাত্রাশিল্পে জনেশ দেব, চারুকলায় বন্ধু মঙ্গল রায় এবং যন্ত্রসংগীতে হরিপদ দাসকে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ এর জন্য মনোনীত করা হয়েছে।
নাট্যকলায় মনোনীত বাবুল আহমেদ মল্লিক দীর্ঘদিন ধরে হবিগঞ্জের নাট্যচর্চা, সাংস্কৃতিক আন্দোলন এবং মঞ্চনাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এ স্বীকৃতিতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, মনোনীত গুণীজনদের সম্মাননা প্রদানের লক্ষ্যে শিগগিরই একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে জেলার প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সুধীজন উপস্থিত থাকবেন।






