বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

মো. মামুন চৌধুরী ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ২০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

রোববার বিকেলে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

এছাড়াও অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার সেবায় নিয়োজিত। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্য যেকোনো সংকটে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। হবিগঞ্জের বানভাসি মানুষের দুর্দশা লাঘবে আমাদের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে। সরকারের পাশাপাশি মানবিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আমরা আশা করি।”

সভাপতির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, রেড ক্রিসেন্টের সকল কার্যক্রম মানবতার কল্যাণে পরিচালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো মানবিক সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেড ক্রিসেন্টের প্রশংসা করেন এবং সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ কার্যক্রমে ২০০টি পরিবারের প্রত্যেককে ৮ কেজি চাল, আধা লিটার রান্নার তেল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ এবং আধা কেজি মসুর ডালের সমন্বয়ে একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়। স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা জানান, বন্যার কারণে তাদের ঘরবাড়ি ও ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে রেড ক্রিসেন্টের এই সহায়তা তাদের পরিবারের খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মানবিক সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সংশ্লিষ্ট প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে জরুরি খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসচেতনতা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। হবিগঞ্জেও বন্যাকবলিত মানুষের পাশে থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন- বন্যা ও পাহাড় ধসে মৃত্যু ৪৪

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...