
নিজস্ব প্রতিনিধি॥ ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী শাহীনা বেগমকে ১৫ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অর্থদন্ড অনাদায়ে তাকে আরও ৭ দিন কারাভোগ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের পর শাহীনা বেগমকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানিয়েছেন, মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে খালাস দিয়েছেন। পাশাপাশি মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন শাহীনা বেগম। মামলায় আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লাকে (২০) আসামি করা হয়। তাদের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছিল।
এজাহারে শাহীনা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আসামিরা তাকে উত্ত্যক্ত করতেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির মাত্রা বেড়ে যায়। এক রাতে বাড়ি ফেরার পথে তাকে যৌন হয়রানি করা হয়। পরে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।
আরও পড়ুন- হবিগঞ্জ শহরে এক ভুয়া ডাক্তার আটক






