
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা, সিন্দুরখান ও তেলিয়াপাড়া বিওপির টহলদল কর্তৃক গত ২৪ ঘণ্টায় পৃথক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে ভারতীয় ইয়াবা, গাঁজা, মদ, শাড়ী, বাংলাদেশি রসুন ও ১টি বাইসাইকেলসহ এক আসামী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার ৪৫০ টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মনতলা, সিন্দুরখান, তেলিয়াপাড়া বিওপির মাধবপুর উপজেলার রামনগর ও লেকেরপাড় এবং শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া বেলতলী এলাকায় টহল পরিচালনা করে ভারতীয় ইয়াবা, ভারতীয় গাঁজা, ভারতীয় মদ, ভারতীয় শাড়ী, বাংলাদেশি রসুন ও একটি বাইসাইকেলসহ মোঃ আশিক (২৮) নামে এক আসামী আটক করা হয়। আটক মোঃ আশিক হবিগঞ্জ জেলার মাধবপুরের রামনগর গ্রামের মোঃ রব মিয়ার ছেলে।
এছাড়াও, সোমবার রাতে মনতলা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুরের চৈতন্যপুর নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা জব্দ হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে।






