
ডেস্ক রিপোর্ট॥ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের এমআইএসে অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেট প্রকাশ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা মাঠে অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেটভুক্তির কার্যক্রম চলমান থাকলেও অনেক আবেদন দীর্ঘদিন ধরে অসম্পন্ন ও প্রক্রিয়াধীন রয়েছে। এতে সংশ্লিষ্টরা সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় দুই বছর ধরে অসম্পন্ন থাকা জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই সম্পন্ন ব্যক্তিদের গেজেট প্রকাশ, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে আবেদনকারীকে ঘাটতি কাগজপত্র ও পরবর্তী করণীয় লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে।
তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাগর উদ্দিন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষমাণ আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। এ ছাড়া প্রকৃত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আব্দুল হালীম, আইনজীবী রাসেল মিয়া, সালমান, হাফিজ, আব্দুল গাফ্ফার ও সাংবাদিক মীর দুলাল প্রমুখ।
আরও পড়ুন- শাকিব-অপুর ছেলে জয়ের জন্মদিন







2 Comments