
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া এলাকা থেকে উদ্ধার হওয়া একটি বন বিড়ালের বাচ্চাকে বন বিভাগের রেসকিউ সেন্টারে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
প্রাণীটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর উপযুক্ত পরিবেশ ও সময় বিবেচনায় তাকে আবার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
রোববার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। তিনি জানান, এর আগে দুপুরে তার নেতৃত্বে বন বিভাগের একটি দল কাচুয়া এলাকা থেকে অসুস্থ অবস্থায় বন বিড়ালের বাচ্চাটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য রেসকিউ সেন্টারে নেওয়া হয়।
বর্তমানে প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, বন উজাড়, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং মানুষের অসচেতনতার কারণে বন বিড়ালসহ বিভিন্ন বন্যপ্রাণী দিন দিন হুমকির মুখে পড়ছে। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
তিনি বলেন, গ্রামাঞ্চলে ব্যাপক প্রচারণা চালানো, বন ও জলাভূমি সংরক্ষণ, বন্যপ্রাণী সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা জোরদার করা হলে বন বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণী নিরাপদে টিকে থাকতে পারবে।
তোফাজ্জল সোহেল আরও বলেন, বন বিড়াল নিঃশব্দে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ইঁদুরসহ কৃষির ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে এ প্রাণীটি কৃষকের নীরব সহযোগী। অথচ মানুষের অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে তাদের অস্তিত্ব আজ সংকটাপন্ন।
বন বিড়ালকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষির ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা। তাই প্রকৃতি ও প্রাণের এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে বন বিড়াল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন- দুই নারীর মরদেহ উদ্ধার






