
ডেস্ক রিপোর্ট॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।
জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের ২৯ সেপ্টেম্বরের সভায় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
অনুমোদনের জন্য থাকা ১৫ প্রকল্পের মধ্যে স্বাস্থ্য খাতের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো-‘হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং থ্রু এমএনসিএইচ সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এনসিডিস কন্ট্রোল’, ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের চতুর্থবার মেয়াদ বৃদ্ধি। আর্থিক খাতে রয়েছে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণের প্রকল্প রয়েছে।
কৃষি ও পানি সম্পদ খাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ছোট কুমার ও ধামাই নদী অববাহিকার সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেঘনা এলাকার সুরক্ষার প্রকল্প রয়েছে। এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি করপোরেশন, ৫টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্পও রয়েছে।
স্থানীয় সরকার খাতে রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে। ভৌত অবকাঠামো খাতে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর দ্বিতীয় পর্যায় এবং যশোর, সৈয়দপুর ও রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেস অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ প্রকল্প রাখা হয়েছে। র্যাবের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও রয়েছে।
শিল্প ও শক্তি খাতে কক্সবাজার জেলার পেকুয়া এলাকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প রয়েছে। সূত্র- ঢাকা মেইল
আরও পড়ুন- বাহুবলে স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০জন আহত






