
নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া মোঃ নাছির উদ্দিন (৩৯) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রফিনগরের ডুগাই মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। র্যাব জানায়, এর আগে সোমবার রাতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুরের জগদীশপুর বাজার-তেমুনিয়া মোড়গামী রাস্তা দিয়ে কতিপয় মাদক কারবারি সিএনজি চালিত অটোরিকশায় মাদকদ্রব্যসহ মাধবপুরের দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি মাধবপুরের যুগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের পাশে জগদীশপুর বাজার-তেমুনিয়া মোড়গামী রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট পরিচালনাকালে সিএনজি থামানোর জন্য সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক সিএনজি নিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার হেফাজতে গাঁজা রয়েছে।
তাৎক্ষণিক ৬০ কেজি গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্টধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






