
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ জন্মস্থান নছরতপুর গ্রামে মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ। শুক্রবার রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও সমর্থনে অনুপ্রাণিত হয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ বলেন, “গ্রামবাসীর এই ভালোবাসা ও সহযোগিতা আমাকে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে। আমার মরহুম বাবা হাজী আব্দুল মতিন মাস্টার এই গ্রামের মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর সেই সেবামূলক কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করাই আমার অন্যতম প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হয়ে প্রায় এক বছর ১০ মাস দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলাম। সেই দায়িত্ব কতটুকু যথাযথভাবে পালন করতে পেরেছি, তার বিচার আপনারাই করবেন। তবে আমার বিশ্বাস, আমার কোনো কর্মকান্ডে যেন আপনাদের সম্মান ও মর্যাদা ক্ষুণœ না হয়, সেই চেষ্টা সবসময় করেছি।”
তিনি বলেন, “আজ আপনারা আমাকে ঘিরে নতুন করে যে স্বপ্ন দেখছেন, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই।”
নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত ও জনকল্যাণমুখী শায়েস্তাগঞ্জ গড়ে তুলতে চান। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন- দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু





