বাহুবলে ছায়েদ আলী হত্যা মামলায় আসামি ইসমাইল গ্রেফতার

বাহুবলে ছায়েদ আলী হত্যা মামলায় আসামি ইসমাইল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবলে ছায়েদ আলী হত্যা মামলায় ইসমাইল মিয়া (৩৫) নামে এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল মিয়া বাহুবল উপজেলার সুতিন গ্রামের আজগর আলীর ছেলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাহুবল মডেল থানায় দায়ের করা ছায়েদ আলী হত্যা মামলার এজাহারনামীয় ১০নম্বর পলাতক আসামি ইসমাইল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত ছায়েদ আলী বাহুবল উপজেলার পূর্ব রুপশংকর এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৭ থেকে ৮ বছর ধরে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের হরহরিয়া এলাকায় জমি লিজ নিয়ে মুরগির খামার পরিচালনা করে আসছিলেন। খামারটি স্থানীয় কয়েকজনের বসতবাড়ির সংলগ্ন এলাকায় হওয়ায় খামার পরিচালনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে ছায়েদ আলীর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিবাদীরা তাকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ আগস্ট বিকেলে ২ নম্বর বিবাদী মাসুক মিয়া ছায়েদ আলীর মুরগির খামারে গিয়ে তার মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য বলেন। এতে আপত্তি জানালে মাসুক মিয়া বাড়িতে গিয়ে বিষয়টি অন্যদের জানান। পরে কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খামারে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় মকবুল হোসেনের নির্দেশে অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে ছায়েদ আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত ছায়েদ আলী বাঁচার জন্য চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছায়েদ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি ইসমাইল মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন- আজমিরীগঞ্জে সার ব্যবসায়ীকে জরিমানা

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...