
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের চা শ্রমিকরা নিজেদের ভাষা, সংস্কৃতি, ভূমি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় রক্ষাসহ ছয় দফা দাবি জানিয়েছেন। এসব দাবি বাস্তবায়নে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
বুধবার দুপুরে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কার্যালয়ে চা শ্রমিকদের প্রতিনিধিরা তার কাছে স্মারকলিপি দেন। এতে মাধবপুরের পাঁচটি এবং চুনারুঘাটের ১৮টি চা-বাগানে বসবাসরত শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, ব্রিটিশ শাসনামলে ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ঝাড়খন্ডসহ বিভিন্ন অঞ্চল থেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে এ অঞ্চলে চা শ্রমিক হিসেবে এসেছিলেন তাদের পূর্বপুরুষেরা। প্রজন্মের পর প্রজন্ম চা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকলেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে তাদের।
চা শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি, ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ভূমির অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সংশ্লিষ্ট গেজেট সংশোধন।
স্মারকলিপি গ্রহণের পর সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল জানিয়েছেন, চা শ্রমিকরা যেন নিজেদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশে সমান সুযোগে সুনাগরিক হিসেবে জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে তিনি জাতীয় সংসদে তাদের অধিকার নিয়ে বক্তব্য রেখেছেন।
তিনি বলেছেন, চা-বাগানের শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন- জ্বালানি সংকটে বাংলাদেশের শিল্প খাত: সামনে কী চ্যালেঞ্জ?





