
মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি, সমাজসেবক মো. আব্দুল হাই জিহাদী উদ্যোগে কদমতলী গ্রামবাসীকে নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী মাঠে আব্দুল হাইকে ঘিরে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কদমতলী হাজীবাড়ি সংলগ্ন হাফিজিয়া মাদরাসা মাঠে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানুর সভাপতিত্বে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ‘আব্দুল হাই আমাদের গ্রামের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তার রয়েছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে।’
তারা আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন রয়েছে। এসব উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় আব্দুল হাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
গ্রামবাসীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হাই বলেন, ‘আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের সভায় উপস্থিত হয়েছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘আমি সবসময় তৃণমূলের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের কোনো মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না। ইউনিয়নের প্রতিটি গ্রামকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে।’
আব্দুল হাই আরও বলেন, ‘আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।’
পরামর্শ সভায় উপস্থিত গ্রামবাসীরা তার বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অবকাঠামো শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কদমতলীর এই পরামর্শ সভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে-এলাকার উন্নয়ন এবং নেতৃত্বের প্রশ্নে তারা আব্দুল হাইয়ের কাছে প্রত্যাশার কথা জানাতে চান।
এদিকে চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করবেন এবং সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ শুনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।
আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে জিপিএ-৫ পাওয়া ৯৫ শিক্ষার্থীকে সংবর্ধনা






