
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সিন্দুরখান বিওপির টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিসহ প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।
বুধবার (২৯ জুলাই) রাত ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাট্টাব্রিজ নামক স্থানে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্ল¬াশি করে ১০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ মোঃ শাহজাহান (৩০) নামে একজন আসামিকে আটক করা হয়।
আটক হওয়া আসামী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। জব্দকৃত মালামাল ও আসামিকে যথাযথ নিয়ম অনুসরণ করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধ করে যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।







One Comment