
মো. মামুন চৌধুরী ॥ র্যাব-৯ ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১ টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও মাধবপুর থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল মাধবপুর প্রেসক্লাবের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহনযোগে একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ কুড়িগ্রাম যাচ্ছে।
ওই সংবাদ পেয়ে আভিযানিক দলটি মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালীন কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহনটি সংকেত দিয়ে থামিয়ে ভেতরে তল্লাশীকালে মোঃ ফরিদুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তি গাড়ীর পিছনের সিট থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। মোঃ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামের মোঃ মোস্তাফা মিয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।







One Comment