
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম)-এর নতুন ভাড়া নির্ধারণ করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার (২০ জুলাই) থেকে এ ভাড়া কার্যকর হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং চালক-যাত্রী উভয়ের স্বার্থ বিবেচনায় নতুন এ ভাড়া তালিকা নির্ধারণ করা হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পৌর এলাকার বিভিন্ন রুটে যাত্রীপ্রতি ১০ টাকা ও ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত ভাড়া অনুযায়ী, ইসলামি একাডেমি, থানা মোড়, রেলওয়ে পার্কিং ও দাউদনগর বাজার থেকে নতুনব্রিজ, রেলওয়ে পার্কিং থেকে পুরানবাজার এবং নতুনব্রিজ থেকে রেলওয়ে পার্কিং পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া ১০ টাকা। এছাড়া দাউদনগর বাজার থেকে পুরানবাজার এবং রেলওয়ে পার্কিং বা দাউদনগর বাজার থেকে জহুর চান বিবি মহিলা কলেজ পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ডাউন রুটেও একই হারে ভাড়া কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় উল্লেখিত রুটের চেয়ে কম দূরত্বের যেকোনো যাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা প্রযোজ্য হবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নতুন ভাড়া তালিকা কার্যকর উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র এফ এম আহমেদ অলি,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, থানার এসআই জহিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, সমাজসেবক নুরুল হোসেন বাচ্চু, টিপু মিয়া, সাংবাদিক মোহাম্মদ ইনজামামুল হক নাঈম, আল-আমিন সাইফী, মিজানুর রহমান সুমন, মুজিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, টমটম মালিক-চালক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন ভাড়া তালিকা বাস্তবায়নের মাধ্যমে যাত্রী ও চালকদের মধ্যে দীর্ঘদিনের ভাড়া-সংক্রান্ত বিভ্রান্তি দূর হবে এবং সেবার মান আরও উন্নত হবে।
আরও পড়ুন- ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৩ জন গ্রেফতার







One Comment