
নিজস্ব প্রতিনিধি॥ দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একজন শিশুর ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।
এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে। এর মধ্যে ৫৩৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯২ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃত আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৩৪৬ জন, এরপর চট্টগ্রামে ২২১ জন এবং বরিশালে ১৩৪ জন।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৯৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৮০ হাজার ১০৪ জনের মধ্যে। তাদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।
আরও পড়ুন- পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহন গ্রেফতার






