
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের অসহায় আলেয়া আক্তার ফুশির চিকিৎসা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন ফ্রান্স প্রবাসী তিন ভাই মাহফুজ খান তালুকদার, জাকির হোসেন তালুকদার ও বদরুল আলম তালুকদার।
তারা ফুশির জন্য ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌরসভার সাবেক কাউন্সিলর ছাইদুর রহমান অসহায় ফুশি ও তার জরাজীর্ণ ঘরের কয়েকটি হৃদয়বিদারক ছবি পোস্ট করেন। বিষয়টি নজরে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন প্রবাসী তিন ভাই।
এর মধ্যে মাহফুজ খান তালুকদার ফুশির জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়ে একটি নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন। পরে তার ভাই জাকির হোসেন তালুকদার ও বদরুল আলম তালুকদার আরও ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এছাড়াও ফুশির পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন ২০ হাজার টাকা, ফ্রান্স প্রবাসী সজল দেব ৩ হাজার টাকা, সৌদি প্রবাসী সবুজ তালুকদার ২ হাজার টাকা, দুবাই প্রবাসী সেলিম মিয়া ২ হাজার টাকা এবং দাউদনগরের জসিম মিয়া ৫০০ টাকাসহ আরও অনেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
পরে আনুষ্ঠানিকভাবে আলেয়া আক্তার ফুশির হাতে অনুদানের টাকা তুলে দেন সাবেক কাউন্সিলর ছাইদুর রহমান ও ফাহিন হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ফুশির মানবেতর জীবনযাপনের খবর ফেসবুকে প্রকাশের পর সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় তার চিকিৎসা ও বসবাসের জন্য নতুন আশার আলো সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে পরিবর্তন






