
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়েছে। সাতছড়ি বিওপির টহলদলের অভিযানে জব্দকৃত গাঁজার দাম ১ লাখ ৮২ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, এর আগে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী গারোটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশী করে মালিকবিহীন ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়া হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।






