
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ড্রাম ট্রাকযোগে অবৈধভাবে মালামাল পরিবহন করার সময় ১ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা ও ১৫ বোতল মদ জব্দ হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির সূত্র জানায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ড্রাম ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়।
পরবর্তীতে বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, ট্রাকে বস্তা ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা রয়েছে এবং মালামালের সাথে থাকা কাস্টমস কর্তৃক প্রদানকৃত কাগজপত্র যাচায়ান্তে মূলকপির পরিবর্তে নকল কপি থাকায় তা জালিয়াতি করে অবৈধভাবে পণ্য বহন করা হচ্ছে মর্মে তাৎক্ষনিকভাবে জিরাগুলো জব্দ করে বিজিবি।
এছাড়া সাতছড়ি বিওপির টহলদল জেলার চুনারুঘাটে সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার সীমান্তবর্তী চাড়াবাগান নামক স্থানে টহল পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত ভারতীয় জিরা সংশ্লিষ্ট কাস্টমস অফিস ও মদ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।







One Comment