
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বিরামচর এলাকার বাইতুল মামুন জামে মসজিদের উন্নয়ন কাজে মানবিকতা ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদার।
তার আন্তরিক উদ্যোগে মসজিদের জন্য প্রদান করা হয়েছে ১০০ বস্তা সিমেন্ট ও ১২০০ কেজি লোহার রড। রোববার (৩ মে) বিকেলে এক সাদামাটা কিন্তু হৃদয়গ্রাহী আয়োজনের মাধ্যমে মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মিয়ার হাতে এসব নির্মাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাইতুল মামুন জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। ঠিক এমন সময় প্রবাসে থেকেও এলাকার প্রতি গভীর টান ও দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন বদরুল আলম তালুকদার।
তার এই সহায়তায় মসজিদের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের পথে এগোবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রবাসে থেকেও তিনি আমাদের কথা ভোলেননি। তার মতো দানশীল মানুষের কারণেই সমাজে ভালো কাজ এগিয়ে যায়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
এলাকাবাসীর মতে, বদরুল আলম তালুকদারের এই উদ্যোগ শুধু একটি মসজিদের উন্নয়ন নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।






