নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার মিরারগাঁও গ্রামের আমির হুসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও দত্তেরগাঁও গ্রামের জিলন মৃধার ছেলে মোঃ ফয়সাল মৃধা (২৫)।
র্যাব জানায়, এর আগে সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট জেলার সীমন্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্যসহ হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি উবাহাটা এলাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জগামী সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারটি সংকেত দিয়ে থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন প্রাইভেটকার থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয়কে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। তাৎক্ষণিক প্রাইভেটকারের ৪টি দরজার সাইড বোর্ডের ভেতর থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপ ও প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন