প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ১০:৫৭ পি.এম
ফেসবুক মন্তব্য ঘিরে পিআইও কার্যালয়ের কার্য সহকারী স্ট্যান্ড রিলিজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সমর সাহার একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সমর সাহাকে মাধবপুর থেকে মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সমর সাহাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।”
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারসংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। ওই পোস্টে সমর সাহা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন— “দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?”
মন্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সরকারি কর্মচারী হিসেবে সমর সাহার এমন প্রকাশ্য রাজনৈতিক মন্তব্যের উপযুক্ততা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন অফিস-আদালতে ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।”
জেলা বিএনপির সদস্য ও মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থেকে গোপনে সরকারকে বিব্রত করার জন্য কাজ করে যাচ্ছে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া এখনই দরকার।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জেনেছি।” তবে সমর সাহার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও
তার বক্তব্য পাওয়া যায়নি।
সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আচরণবিধি ও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্য মন্তব্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন
© ২০২৬ সময়রেখা | সকল অধিকার সংরক্ষিত