মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা, ফুচকা, আতশবাজি ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৭১ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে সিন্দুরখান বিওপির টহলদল। সীমান্ত পিলার নং-১৯৪৩/৩৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালটিলা গ্রামের কেসব চাষার ছেলে জীবন চাষা (২৫) এবং সিন্দুরখান গ্রামের মৃত বুধরাম কয়েরীর ছেলে রাজন কয়েরী (৩৫)।
এদিকে, শনিবার সন্ধ্যায় ৫৫ বিজিবির চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এর আগে বুধবার (৮ অক্টোবর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, এসব অভিযানে জব্দ করা মাদকদ্রব্য, অন্যান্য চোরাচালানি পণ্য ও যানবাহনের বিষয়ে এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের প্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আরও পড়ুন- পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের অগ্রগতি সভা অনুষ্ঠিত
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন