শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও দিঘিরপাড় এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় মাছচাষি অনিল চন্দ্র দাসের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন রোববার (৭ জুন) সকালে স্থানীয় বাসিন্দা আনোয়ার মিয়া পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে অনিল চন্দ্র দাসকে মুঠোফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরের বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠেছে এবং চারদিকে বিষাক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
অনিল চন্দ্র দাস জানান, তিনি বাসার সামনে দিঘিরপাড় সংলগ্ন পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। লাভের আশায় ধার-দেনা ও নিজের সঞ্চয় থেকে প্রায় লাখ টাকা বিনিয়োগ করেন। পুকুরে রুই, কাতল, সিলভার কার্প, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষ প্রয়োগের কারণে মাছ মারা যাওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তিনি আরও বলেন, অনেক আশা নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। কিন্তু কে বা কারা শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে সব শেষ করে দিয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের নজরদারি বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন তারা।
মাছচাষি অনিল চন্দ্র দাস আইনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন এবং তার ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন- প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন