নিজস্ব প্রতিনিধি॥ জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ হয়েছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় একটি সশস্ত্র গ্রুপ এ গুলিবর্ষণ করে। শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা স্লুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক।
মোহাম্মদ তারেকের ভাষ্যমতে, বিকেলের দিকে তারা কয়েকজন মিলে হ্নীলা স্লুইচগেট সংলগ্ন সীমান্তের বেড়িবাঁধে ঘুরছিলেন। সেখানে আরও অনেক লোকজন ছিল। এসময় দেখেন,
মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি গ্রুপ নাফ নদীতে এসে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলেকে ধাওয়া করছে। পরে জেলেরা নদী থেকে পালিয়ে এপারের হ্নীলা সীমান্তে চলে আসার সময় তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সীমান্তের বেড়িবাঁধে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সশস্ত্র গ্রুপটি জেলেদের ফেলে রাখা নৌকা ও জাল নিয়ে আবার মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম অনীক চৌধুরী বলেন, হ্নীলা সংলগ্ন নাফ নদীতে গোলাগুলির একটি ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।
আরও পড়ুন-দেশে সহজলভ্য ফল পেঁপে পুষ্টিগুণে ভরা
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন