
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ তেলিয়াপাড়া ও সিন্দুরখান বিওপির টহলদল কর্তৃক গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা করেছে। এ অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা, ২৬ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ভারতীয় বিয়ার ও ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, এর আগে রাত প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপি কর্তৃক মাধবপুরের ২০নং সুরমা চা বাগান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক একটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল ভারতীয় বিয়ার এবং ২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অপরদিকে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ সিন্দুরখান বিওপির টহলদল কর্তৃক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কুঞ্জবন নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ ও রাত ৮টায় সিন্দুরখান বিওপির টহলদল কর্তৃক শ্রীমঙ্গলের মাংরাবস্তি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং বাংলাদেশি মশার কয়েল বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধ এবং চোরাচালান দমনে বিজিবি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালান এবং মাদকমুক্ত সীমান্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।






