হবিগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন ৫৫ বিজিবি অধিনায়ক

হবিগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন ৫৫ বিজিবি অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪টি পূজামন্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজান্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান-বিজিওএম হবিগঞ্জ সদর উপজেলার ৫নম্বর গোপায়া ইউনিয়নের একটি শারদীয় দুর্গাপূজামন্ডপ আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামন্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিজিবি অধিনায়ক। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামন্ডপ এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত একটি পূজামন্ডপসহ মোট ৬৪টি পূজামন্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোতায়েন করা বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করছেন।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে। পূজার সময় যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সক্রিয় রয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাটালিয়নটি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৫ জন আসামিসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ তৎপরতা সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন- তার চাওয়া খুব সামান্য-একটু নিরাপদ জীবন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...