
হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন) মীর আশরাফ আলী। শুক্রবার পরিদর্শনকালে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) রাশেদ পারভেজ ছায়িম এবং হাবিলদার রবিউল ইসলাম ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে ফাঁড়ির পুলিশ সদস্যরা ডিআইজি মীর আশরাফ আলীকে সশস্ত্র সালামি প্রদান করেন। সালামি গ্রহণ শেষে তিনি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফাঁড়ির ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। এ সময় তিনি রেলপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীসেবার মান আরও উন্নত করা, অপরাধ দমন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি রেলওয়ে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনের শেষ পর্যায়ে ডিআইজি মীর আশরাফ আলী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে ফাঁড়ির পুলিশ সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটানোর মধ্য দিয়ে তার পরিদর্শন কার্যক্রম শেষ হয়।
আরও পড়ুন- তুষারধসে ১৫ জন নেপালি শ্রমিক নিহত






